রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু

ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু

আজ থেকে শুরু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যে রুপির ব্যবহার। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে বাণিজ্যে রুপির ব্যবহার শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিভিন্ন ব্যাংকের এমডি, ভারতীয় হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য জড়িত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে সম্মত ট্রেডিং মেকানিজম অনুসারে, বাংলাদেশি রপ্তানিকারকরা ১১ জুলাই থেকে রুপিতে রপ্তানি আয় পেতে সক্ষম হবে এবং এর সমমূল্যের অর্থ আমদানি বিল নিষ্পত্তির জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ‘এটা দুই দেশের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের নিদর্শন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ডলারের ওপর চাপ কমাতেই, দীর্ঘ চিন্তা ভাবনা করে আমারা এই পথে গিয়েছি। রুপিতে লেনদেনের কারণে বাংলাদেশের রপ্তানি বেড়ে যাবে বলেও আশাবাদ জানান গভর্নর।

রুপিতে লেনদেনের জন্য এরই মধ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অনুমতি পেয়েছে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক এবং ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক।

শুরুতে দুই দেশের এই চারটি ব্যাংকের মাধ্যমে রুপিতে আমদানি-রপ্তানি পণ্যের মূল্য পরিশোধ করা যাবে। বৈদেশিক বাণিজ্যে লেনদেন সহজ করতে এবং ব্যয় সাশ্রয়ে বিকল্প মুদ্রা চালুর দাবির প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর সীমিত পরিসরে রুপিতে লেনদেন শুরু হচ্ছে। এতে উভয় দেশের উদ্যোক্তাদের বাণিজ্য খরচ কমে আসার সঙ্গে ডলার নির্ভরতাও কিছুটা কমে আসবে বলে মনে করছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা।

ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার গণমাধ্যমকে বলেন, তারা রুপি এবং টাকা উভয় মাধ্যমেই লেনদেনের জন্য আবেদন করেছিলেন এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া তা অনুমোদনও করেছে। প্রাথমিকভাবে, অল্প পরিমাণে রুপিতে লেনদেন হবে। পর্যায়ক্রমে তা বাড়বে। এছাড়া টাকায় লেনদেন পরবর্তীতে চালু করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ