ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ধীরগতি নিয়ে ইসি উদ্বিগ্ন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করব। আজ বুধবার রংপুর সিটি নির্বাচনে ইভিএমের ধীরগতি নিয়ে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে এক বৈঠক শেষে সিইসি একথা বলেন।
তিনি বলেন, আসলে কেন ভোট বিলম্বিত হচ্ছে, এ অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এ বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়ার কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন—তাদের আমরা সভায় আহ্বান করে ফিডব্যাক নেব।




