ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাষ্ট্রপতি আবদুল হামিদ নবম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরাম (ডব্লিউআইইএফ) সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।খবর বাসসের
রাষ্ট্রপতি রাত ৯টা ৫ মিনিটে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, যুক্তরাজ্যের হাইকমিশনার, মালয়েশিয়ার হাইকমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ২৯ অক্টোবর এক্সসেলে লন্ডন কনভেনশন সেন্টারে ডাব্লিউআইইএফ’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন বলে জানাগেছে। এই সম্মেলনের বাইরে ইসলামিক দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। ওই দিনই তিনি লন্ডনে ক্যাপিটাল হিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মো. নাজিব তুন আবদুল রাজ্জাকের দেয়া সংবর্ধনা ও নৈশ ভোজ সভায় যোগ দেবেন। জানা গেছে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এ ভোজ সভায় প্রিন্স চার্লসও যোগ দেবেন।
রাষ্ট্রপতি হামিদের ৩০ অক্টোবর প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৩০ অক্টোবর রাতে লন্ডন ত্যাগ করবেন এবং দুবাইয়ে যাত্রা বিরতি শেষে ৩১ অক্টোবর তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে। এই সফরে রাষ্ট্রপাতির সঙ্গে তাঁর সহধর্মিনী রাশিদা খানম, তাঁর কার্যালয়ের সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছেন।
এক্সেল লন্ডনে ২৯-৩১ অক্টোবর ডব্লিউআইইএফ অনুষ্ঠিত হবে। এর প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তিত বিশ্ব, নতুন সম্পর্ক।’ ২০০৫ সালে মালয়েশিয়ার কুয়ালামপুরে ফোরামের যাত্রা শুরু। এর পর ২০০৬ সালে ইসলামাবাদ, ২০০৭ সালে পুনরায় কুয়ালামপুর, ২০০৮ সালে কুয়েত সিটি, ২০০৯ সালে জাকার্তা ২০১০ সালে কুয়ালামপুর ২০১১ সালে কাজাখস্থানের অস্তানা এবং ২০১২ সালে মালয়েশিয়ার জোহর বাহরুতে ডব্লিউআইইএফ এর সম্মেলন অনুষ্ঠিত হয়।




