সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দিনাজপুরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দিনাজপুরে যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার একদিনের সফরে দিনাজপুরে যাচ্ছেন। এদিন প্রধানমন্ত্রী এখানে একটি জনসভায় ভাষণ দেবেন। এই জনসভা সফল করতে রংপুর বিভাগের আট জেলায় ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার রাতে দিনাজপুর সার্কিট হাউজে রংপুর বিভাগের আটটি জেলা আওয়ামী লীগের নেতাদের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। এই অঞ্চলের আটটি জেলায় ব্যাপক উৎসাহ নিয়ে জনসভার প্রচারণা চলছে। জনগণ প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য এবং তাকে স্বাগত জানাতে অধিক আগ্রহে অপেক্ষা করছে।
গত পাঁচ বছরে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার দলকে দেশ পরিচালনায় দেখতে চায়।’
দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেন, ‘তিনি তার নির্বাচনী এলাকায় গত চার বছর নয় মাসে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। এর মধ্যে তার নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে জনগণের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাঁচা রাস্তা পাকাকরণসহ শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার প্রধান প্রধান সড়কে ব্যাপক তোরণ ও ফেস্টুনে ছেয়ে গেছে।’দিনাজপুরের পুলিশ সুপার সারওয়ার মোর্শেদ শামীম জানান, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পোশাকধারী ও সাদা পোশাকে দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাড়ে ৩০০ র‌্যাব সদস্য টহলের দায়িত্বে নিয়োজিত থাকবে। জরুরি ব্যবস্থায় পাঁচ শতাধিক বিজিবি সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ