ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
চাঞ্চল্যকর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৩০ অক্টোবর। রোববার মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেন আদালত। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহীদের হাতে খুন হন ৫৭ জন সেনা-কর্মকর্তাসহ ৭৪ জন।
সূত্র জানায়, পিলখানা হত্যা মামলায় সাক্ষীর সংখ্যা ছিল এক হাজার দুই শতাধিক। এই সাক্ষীদের মধ্য থেকে রাষ্ট্রপক্ষে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দসহ ৬৫৪ জন সাক্ষ্য প্রদান করেছেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ২৭ জন তৎকালীন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন। তাঁরা ৪৫৮ জন আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন বলে আদালতকে জানান।
প্রসঙ্গত, পিলখানায় হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ডিএমপির নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ২০১০ সালের ১২ জুলাই ৮২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে সম্পূরক চার্জশিটে আরো ২৬ জনকে যোগ করা হয়। বর্তমানে ৮৫০ জন আসামির বিরুদ্ধে হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। এর মধ্যে ২০ জন পলাতক রয়েছেন। চারজন মারা গেছেন।
আসামিদের মধ্যে চারজন মহিলাসহ ২৩ জন বিডিআর-বহির্ভূত লোক। তাঁদের মধ্যে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীও রয়েছেন। হত্যা মামলার সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা চলছে একই আদালতে।
এ মামলায় প্রথমে ৮০৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। পরে আরো ২৬ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেওয়ায় মোট আসামি দাঁড়ায় ৮৩৪ জনে।




