ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
কক্সবাজারের চকরিয়ায় মনজুর আলম (৪৮) নামে এক বিএনপি নেতা সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। রবিবার বিকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন সংলগ্ন বেতুয়া বাজার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। সে দ্বিপকূল পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র এবং ৯নং ওয়ার্ড বি.এন.পির সাধারণ সম্পাদক। ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পূর্বশত্রুতার জের ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
২৫ অক্টোবর উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে গণসংযোগ করে ফেরার পথে বেতুয়াবাজার এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসীর তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন মনজুর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ সময় ইউনিয়ন বি.এন.পির সাংগঠনিক সম্পাদক ওসমান গণী (৪০) ও জিল্লুর রহমানসহ আরো ৩জন গুরুতর আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চকরিয়া থানার ওসি রনজিৎ বডুয়া জানান, খুনিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। তাদের কোন ধরণের ছাড় দেয়া হবেনা। উল্লেখ্য, ইতিপূর্বে জসিম বৈদ্দ ভন্ডামী চিকিৎসার তথ্য সংগ্রহ করতে গিয়ে ঘটনাকারীদের হাতে স্থানীয় ২জন সংবাদকর্মী আহত হয় বলে স্থানীয়রা জানান। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।




