ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
নির্বাচন কমিশন সংসদ বহাল রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, ‘সরকার দলে যারা থাকবে তাদের জন্য কি ধরনের আইন করলে নির্বাচন সুষ্ঠু হবে সে অনুযায়ী আমরা আচরণবিধি তৈরি করব। সরকার পক্ষ যেন বাড়তি কোনো সুবিধা না পায় সে দিক বিবেচনা করা হবে’। রবিবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, আইনসংগতভাবে সকলের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। এজন্য শিগগির নির্বাচনী আচরণবিধি তৈরি করে তার খসড়া নিবন্ধিত দলের কাছে পাঠিয়ে দেয়া হবে। এক্ষেত্রে যেকোনো দল তাদের পরামর্শ ও মন্তব্য জানাতে পারবেন। খসড়া আচরণবিধি ইসির ওয়েবসাইটেও থাকবে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হলে যারা সরকারের বাইরে বা ভেতরে থাকবে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করে আচরণবিধি তৈরির জন্য আমরা কাজ করছি এবং আচরণবিধির ওপর নিবন্ধিত রাজনৈতিক দলের পরামর্শ ও মন্তব্যগুলো পরবর্তীতে কমিশন ভেবে দেখবে’। দুই দলের সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব সময় আশাবাদী দুইটি রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের কাজের প্রয়োজনে যেকোনো কর্মসূচি ঠিক করা হতে পারে। তবে আগে থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত কমিশনের নেই।
প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণে আগামী নির্বাচন কবে হবে সে বিষয়ে একটি আইনগত দিক নির্দেশনা পাওযা গেছে।’ সংবিধান অনুযায়ী ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। তবে কোন্ পদ্ধতিতে নির্বাচন হবে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি যেহেতু রাজনৈতিক তাই সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।
জানুয়ারী মাসে নির্বাচনের তারিখ ঠিক করা হবে কিনা জানতে চাইলে এই কমিশনার বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়, কারো যেন অসুবিধা না হয়, কোনো দল যাতে এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সব দিক বিবেচনা করেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে’।




