সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ প্রিমিয়ার লিগে নিজেদের অষ্টম ম্যাচেও জয়বঞ্চিত হয়েছে রেড ডেভিলরা। সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলের ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে গতবারের শিরোপাজয়ীদের। ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকেও। নিউক্যাসেলের বিপক্ষে ২-২ গোলের এই ড্রয়ের পর শীর্ষস্থানটাও হাতছাড়া হয়েছে অল রেডদের। প্রিমিয়ার লিগের অপর খেলায় বড় জয় পেয়েছে আর্সেনাল ও চেলসি।
নিজেদের মাঠে মেসুত ওজিলের জোড়া গোলের সুবাদে নরউইচ সিটিকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। অপর দুইটি গোল এসেছে অ্যারন র্যামসি ও জ্যাক উইলশেয়ারের পা থেকে।
কার্ডিফ সিটির বিপক্ষে এই ৪-১ ব্যবধানেই জিতেছে হোসে মরিনহোর চেলসি। দলের বড় জয়ের জোড়া গোল করেছেন ইডেন হ্যাজার্ড। অপর দুইটি গোল করেছেন স্যামুয়েল ইতো ও অস্কার।
সাউদহাম্পটনের বিপক্ষে একেবারে শেষমুহূর্তে হতাশ হতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রথমার্ধের ২৬ মিনিটে রবিন ভন পার্সির গোলে এগিয়ে গিয়েছিল ডেভিড ময়েসের শিষ্যরা। প্রায় পুরোটা সময়ই তারা এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে সমতাসূচক গোলটি করে স্বাগতিকদের হতাশ করেছেন সাউদাম্পটনের মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা।

নিউক্যাসেলের বিপক্ষে লিভারপুলের ২-২ গোলের ড্রটাই আজকের সবচেয়ে বিস্ময়কর ফলাফল। ৪০ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নিউক্যাসেলের ডিফেন্ডার মোপু ইয়াঙ্গা-মাবিয়া। ম্যাচের প্রায় অর্ধেকেরও বেশি সময় নিউক্যাসেলকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। তারপরও জয় তুলে নিতে পারেনি লিভারপুল। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে ড্যানিয়েল স্টুরিজের গোলটি দিয়ে কোনোমতে হার এগিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

আরও পড়ুন

সর্বশেষ