স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ ক্রিকেট টিম চার দিনের ছুটি পেয়েছে ঈদ উৎসব পালনের জন্য। তাই যে যার পরিবারের কাছে ছুটে গছে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে। এ মুহুর্তে বাংলাদেশ টিমে আলোচিত খেলোয়াড় সোহাগ গাজী। রেকর্ড গড়ার পর বাড়ি এসে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
সদ্যই এমন এক কীর্তির অধিকারী সোহাগ গাজী, যা টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে কারও নেই। একই টেস্টে সেঞ্চুরি আর অনবদ্য হ্যাটট্রিকের অনন্য গৌরব তাঁর ঝুলিতে। ছোট্ট এক ছুটিতে জন্মশহর পটুয়াখালী এসে এবারের ঈদকে সত্যিই বিশেষ কিছু মনে হচ্ছে জাতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডারের।
খ্যাতি একটুও বদলে দেয়নি সোহাগ গাজীকে। অন্যবারের মতো এবারও তিনি ঈদের নামাজ পড়েছেন বাড়ির পাশের কলাতলা বাবরী জামে মসজিদে। তবে পার্থক্য একটা জায়গায় ছিল- পটুয়াখালীর এই কৃতী সন্তানের দিকে ছিল সবার দৃষ্টি। যতটা পেরেছেন ভক্তদের সঙ্গে কোলাকুলি করেছেন। চেয়েছেন সবার দোয়া।
ছেলের কীর্তিতে বাবা শাহজাহান গাজী আর মা হাসিনা বেগমের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। বড় ভাই শাহীন গাজী আর একমাত্র বোন শাহনাজও দারুণ গর্বিত তাঁদের ভাইয়ের সাফল্যে।




