রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষা চিন্তা ও মর্মে প্রতিফলন ঘটানোর জন্য...

ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষা চিন্তা ও মর্মে প্রতিফলন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষা চিন্তা ও মর্মে প্রতিফলন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। বুধবার সকালে রাষ্ট্রপতি বঙ্গভবনে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বকে আরো সুসংহত করবে।

রাষ্ট্রপতি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জল ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসী এবং মুসলিম উম্মাহর সকল ভাই ও বোনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। রাষ্ট্রপতি ঈদুল আজহা উপলক্ষে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের জন্য এ সম্বর্ধনার আয়োজন করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খোন্দকার, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম ফারুক খান ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীগণ সম্বর্ধনায় যোগ দেন।

এছাড়া সম্বর্ধনায় যোগ দেন সুপ্রিম কোর্টের বিচারকগণ, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সম্পাদক, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ।

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণও সম্বর্ধনায় অংশ নেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের স্বাগত জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সমৃদ্ধ জীবন কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ