ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বুধবার রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। ঢাকা আবহাওয়া অফিসে কর্মরত কর্মকর্তা বজলুর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান। বজলুর রশীদ বলেন, কাল ঈদের দিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।




