সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, ফলাফল ও পারফরমেন্স (কর্মকৃতি) মূল্যায়নে আওতাধীন ছয়টি দপ্তর, সংস্থা ও আশ্রায়ণ প্রকল্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয়েছে।
১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পদান চুক্তি সই হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এসব দপ্তর/সংস্থার প্রধান নির্বাহীগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং ফলাফল ধর্মী কার্যক্রমে উৎসাহ প্রদান ও পারফরমেন্স (কর্মকৃতি) মূল্যায়নের লক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের এবং মন্ত্রণালয়/বিভাগসমূহের সঙ্গে তাদের আওতাধীন দপ্তর সংস্থার সঙ্গে প্রতিবছর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়ে থাকে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় এই ছয়টি দপ্তর ও সংস্থার সঙ্গে চুক্তি সই হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের। নির্বাহী চেয়ারম্যানগণ, এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক এবং আশ্রায়ণ ২ প্রকল্পের প্রকল্প পরিচালক তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ স্বাক্ষর করেন।




