ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ দেশব্যাপী গুম, হত্যা নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর শিবির বেলা পৌনে ১২টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার গুলশান সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল বের করে। মহানগর শিবিরের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে মিছিলে শতাধিক শিবিরকর্মী অংশ নেন। মিছিল থেকে শিবিরকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
মিছিলটি ডিআইটি রেলওয়ে কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এ সময় শিবিরের লোকজনও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া, সংঘর্ষ। তখন ডিআইটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীরা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ শটগানের রাবার বুলেট ছোঁড়ে। এতে মতিন নামে এক তরুণসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ‘শিবিরের লোকজন ঝটিকা মিছিল করলে পুলিশ লাঠিচার্জ ও গুলি করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় মতিন নামে এক তরুণ আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’




