স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার দেয়া হচ্ছে ১১ অক্টোবরের টিকেট। ধারাবাহিকভাবে ১৫ অক্টোবর পর্যন্ত যাত্রার টিকেট পাওয়া যাবে। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনের টিকেট কাউন্টারে টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। টিকেটের জন্য অপেক্ষমাণ অনেকেই টিকেট বিক্রির মন্থর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সকাল ৯টায় টিকেট বিক্রি শুরুর পর রেলওয়ের কম্পিউটার সার্ভারে কিছুটা সমস্যা দেখা দেয়। তবে অল্প সময়ের মধ্যেই তা ঠিক হয়ে যায়।
রেলওয়ের মহাপরিচালক আবু তাহের জানান, আগাম টিকেট বিক্রি হবে ৬ অক্টোবর পর্যন্ত। আর ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীদের জন্য আগাম টিকেট বিক্রি করা হবে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। ওই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পাওয়া যাবে ১৮ থেকে ২২ অক্টোবরের অগাম টিকেট। রেলওয়ে সূত্র জানায়, একজন যাত্রী ৪টির বেশি টিকেট কিনতে পারবেন না এবং বিক্রীত টিকেট ফেরত নেয়া হবে না।
বরাবরের মতো এবারও ভিভিআইপি ও ভিআইপিদের জন্য অতিরিক্ত কোচ থেকে এসি ও প্রথম শ্রেণীর ৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুধুমাত্র পাসের বিপরীতে ইস্যুর জন্য ৫ শতাংশ টিকেট সংরক্ষিত রয়েছে।
রেলের মহাপরিচালক আবু তাহের জানিয়েছেন, ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এগুলো ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। ফেরত যাত্রীদের চাপ থাকলে প্রয়োজনে ঈদের পরও বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া ঈদের দিন ভৈরব-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ৪টি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদ উপলক্ষে চট্টত্রামের পাহাড়তলী ও নীলফামারীর সৈয়দপুর ওয়ার্কশপ থেকে মোট ১২২টি কোচ যাত্রীদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।




