রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের ৭০ শতাংশ অগ্রিম টিকিট বিক্রি শেষ

উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের ৭০ শতাংশ অগ্রিম টিকিট বিক্রি শেষ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, শ্যামলী ও কল্যাণপুরের অধিকাংশ কাউন্টারেই উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের ৭০ শতাংশ অগ্রিম টিকিট বিক্রি শেষ। অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন সকালেই এ চিত্র দেখা যায়।

৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে পূজা ও ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির দুদিন পরই তৃতীয় দিন সকালে কাউন্টারগুলোতে সরজমিনে দেখা যায় অধিকাংশ টিকিট বিক্রি শেষ।

এবার পূজা ও ঈদুল আযহার ছুটি মিলিয়ে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত লম্বা সরকারি ছুটি হওয়ায় ঘরমুখো মানুষেরা আগেভাগেই নাড়ির টানে ছুটে যেতে চাইছেন।

টেকনিক্যাল মোড়ের এসআর ট্র্যাভেলসের টিকিট বিক্রেতা হারুনুর রশিদ  বলেন, আমাদের পরিবহনের উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের ৭০ শতাংশ টিকিট বিক্রি শেষ। ১০ ও ১৩ অক্টোবরের টিকিটের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে। এ দুদিনের ৮০ শতাংশ টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

গাবতলী টার্মিনালে হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার সঞ্জীব কুমার রায় বলেন, সারাদেশের সব রুটেই আমাদের পরিবহনের বাস থাকায় আমাদের সব টিকিট এখনও বিক্রি হয়নি। প্রায় ৬০ শতাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে।

সঞ্জীব কুমার সংবাদমাধ্যমের প্রতি অভিযোগ করে বলেন, তারা ভুল তথ্য দেওয়ায় কাউন্টারে যাত্রীরা আসছে না।

অথচ সরজমিনে দেখা যায় ঠিক এ সময়েই ওই কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা নির্দিষ্ট দিনের টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন।

পূর্বাশা ট্রাভেলসের গাবতলী শাখার কাউন্টার ম্যানেজার ইউসুফ আলী বলেন, প্রত্যাশা অনুযায়ী টিকিট বিক্রি হচ্ছে, তবে তীব্র যানজটের শঙ্কায় আছি আমরা।

বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী এলাকার বাসকাউন্টারে খুব বেশি যাত্রীদের চাপ লক্ষ্য যায়নি। অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় যাত্রীদের চাপ কম বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সর্বশেষ