স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সাইদুল হক ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুল ইসলাম তালুকদার রোববার এ আদেশ দেন।
আদালত মামলাটির অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্তে যৌতুক দাবি করার অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে ম্যাজিস্ট্রেট প্রতিবেদন প্রদান করা হয়। কিন্তু উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী মরিয়ম আক্তার মৌসুমী আপত্তি দিলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আসামি সাইদুল হক ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ৩১ জুলাই স্ত্রী মরিয়ম আক্তার মৌসুমী ২০ লাখ টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগে সাইদুল হকের আদালতে এ মামলা করেন। মামলার অভিযোগ বলা হয়, ২০১১ সালের ২৮ জানুয়ারি আসামি সাইদুল হকের সঙ্গে বাদীর বিয়ে হয়। আসামি বিয়ের পর প্রাইভেট কার কেনার জন্য বাদীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী ওই টাকা যৌতুক দিতে পারবেন না জানালে আসামি গত ১৭ জুলাই তাকে মারধর করেন।




