রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভূমিমন্ত্রীর হস্তক্ষেপে আনোয়ারায় বসতভিটা ফেরত পাচ্ছেন সেই স্কুল শিক্ষক

ভূমিমন্ত্রীর হস্তক্ষেপে আনোয়ারায় বসতভিটা ফেরত পাচ্ছেন সেই স্কুল শিক্ষক

আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে বসতভিটা ফেরত পেতে যাচ্ছেন সেই প্রাক্তন স্কুল শিক্ষক পণ্ডিত নিরঞ্জন চক্রবর্তী। জোরপূর্বক রেজিস্ট্রি নেওয়ার ঘটনার ১৯ দিন পর ভূমিমন্ত্রীর নির্দেশে আজ মঙ্গলবার রেজিস্ট্রি করে সেই জমি ফেরত দিতে বাধ্য হচ্ছেন অভিযুক্ত হেলাল উদ্দিন। সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এই জমি পুনরায় রেজিস্ট্রেরি হওয়ার কথা রয়েছে। জোরপূর্বক বসতভিটা দখলের এই ঘটনায় কয়েকদিন ধরে সারা চট্টগ্রামজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল।
গত ১০ এপ্রিল আনোয়ারা সদরের জয়কালী বাজারের বাসিন্দা প্রবীণ স্কুল শিক্ষক পণ্ডিত নিরঞ্জন চক্রবর্তী ও তাঁর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় হেলাল উদ্দিনসহ চিহ্নিত ব্যক্তি বর্গ কৌশলে বসতভিটা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠে। ঘটনাটি জানাজানি হলে এনিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। সেই সাথে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ঘটনার ৬ দিন পর অসহায় নিরঞ্জন চক্রবর্তীর পরিবার থানায় হেলাল উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ ৬ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রেকর্ড করে। পরবর্তীতে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবার ভূমিমন্ত্রীকে পুরো ঘটনা অবহিত করেন। মন্ত্রী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জমি ফেরত প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ভূমিমন্ত্রীর নির্দেশনার আলোকে আজ মঙ্গলবার সকাল ১০টায় আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অভিযুক্ত হেলাল কর্তৃক জমি ফেরত( রেজিস্ট্রি প্রদানের) করণের সিদ্ধান্ত হয়।
আনোয়ারা উপজেলা চেয়ারাম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব বিষয়টি দেখভাল করছেন।
এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহামদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহামুদসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, ভূমিমন্ত্রীর নির্দেশে অভিযুক্ত হেলাল আজ খরচসহ রেজিস্ট্রি করে জমি ফেরত প্রদান করবেন।

আরও পড়ুন

সর্বশেষ