শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআহমদ শফীর বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: নওফেল

আহমদ শফীর বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: নওফেল

মেয়েদের স্কুল-কলেজে না পড়ানোর বিষয় নিয়ে হেফাজত ইসলামের আমিরের বক্তব্যে মুখ খুললেন নবগঠিত মন্ত্রী সভার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এটা একান্তই তাঁর (আহমদ শফি) নিজস্ব মতামত। তিনি শিক্ষা নীতি প্রণয়ন বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্বাহী দায়িত্বে নেই। এর সঙ্গে রাষ্ট্রনীতির সামঞ্জস্য নেই। এর রকম অনেকে অনেক রকমের অভিমত প্রকাশ করে থাকেন। ১২ জানুয়ারি সকালে নগরীর চশমা হিলের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে অংশ নেন নওফল।

জানা যায়, ১২ জানুয়ারি হাটহাজারীর দারুল উলুম মাদরাসার মাঠে ১১৮তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্যের এক পর্যায়ে হেফাজতের আমির আল্লামা আহমদ শফি মেয়েদের স্কুলে-কলেজে না পাঠানোর জন্য আহ্বান জানান।  আর পাঠালেও ফোর-ফাইভে পর্যন্ত পড়ানোর কথা বলেন। বক্তব্যটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে নতুন করে সমালোচনার জন্ম দেয়। এ বিষয়ে নওফেলের মনোযোগ আর্কষণ করেন সাংবাদিকরা।

নওফেল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। পাঠ্যপুস্তুকে সাম্প্রদায়িক কোনো বিষয় অন্তর্ভুক্ত না হওয়ার জন্য সরকার সতর্ক রয়েছে। অতীতে যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের নাগরিক হিসেবে বাকস্বাধীনতা প্রকাশ করার অধিকার রয়েছে। কিন্তু দেখতে হবে সরকার তার বাস্তব প্রতিফলনের ক্ষেত্রে এসব বিষয়গুলো ফুটে উঠছে কিনা। সেক্ষেত্রে আমরা কারও প্রতি বৈষম্য, অন্যায় করছি কিনা তাও ভেবে দেখতে হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম এ ছালাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমউদ্দিন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ