ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
টানা দুদিনের হরতালের শুরুতে বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কোনো হতাহতের কথা খবর পাওয়া যায়নি।
আজিমপুর: সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর আজিমপুরে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
যাত্রাবাড়ী: যাত্রাবাড়ীর বাশেরপুল এলাকায় ভোর ছয়টার দিকে প্রায় ১০ জনের মত শিবির নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ তিনজনকে আটক করে।
অপরদিকে উত্তর যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় ভোর সোয়া ছয়টার দিকে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা একটি গাড়ি ভাঙচুর করেছে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।
মিরপুর: মিরপুরের পল্লবী থানায় ছাত্র শিবিরের নেতৃত্বে ভোর ৬টার দিকে একটি মিছিল বের করে। এসময মিছিল থেকে পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরন ঘটায় তারা। পুলিশ ঘটনা স্থল থেকে তিন শিবির কর্মীকে আটক করে। ঘটনার সত্যতা স্বীকার করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল লতিফ জানান, ঘটনা স্থল থেকে তিন শিবির কর্মীকে আমরা আটক করেছি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে সারাদেশে টানা ৪৮ ঘণ্টা হরতালের আহবান করে দলটি। তবে বিবৃতিতে কৌশল অবলম্বন করেছে জামায়াত বলেছে, জামায়াত নেতাদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে হরতাল ডাকা হয়েছে।




