ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দু’দিন টানা এ হরতাল চলবে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। হরতালের পিকেটারদের হামলায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক সিএনজি চালক নিহত হয়েছে।
সকাল নয়টা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। কুমিল্লায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের পাশাপাশি রাজশাহীতে ট্রাকে আগুন দিয়েছে শিবির কর্মীরা। রাজশাহীতে শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় বাস যানবাহন ভাঙচুর ও আগুন দিয়েছে শিবিরের কর্মীরা। এছাড়া মেহেরপুর ও সাতক্ষীরা থেকেও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। গাজীপুরে দেওয়া হয়েছে বাসে আগুন।বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
নোয়াখালী : নোয়াখালীতে বুধবার ফজরের নামাজের পরেই হরতালের সমর্থনে মাঠে নেমেছে জামায়াত শিবির নেতাকর্মীরা।পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সিএনজি অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। তাঁর নাম আবু নাসের (৪০)। নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আজ ভোর ছয়টার দিকে জেলার কোম্পানীগঞ্জ ও ফেনীর দাগনভূঞা সীমানায় পিকেটারদের ইটের আঘাতে সিএনজি চালক আবু নাসের নিহত হন।
এদিকে হরতালে নাশকতা এড়াতে জেলায় মঙ্গলবার বিকাল থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে। জামায়াত-শিবির কর্মীরা বুধবার ভোরে হরতালের সমর্থনে জেলার মাইজদী, চৌমুহনী, সোনাইমুড়ী সেনবাগসহ বিভিন্ন স্থানে মিছিল বের করে। এ সময় হরতাল সমর্থকরা জেলার সোনাপুর, দত্তেরহাট, মাইজদী কোর্ট, মাইজদী বাজার, একলাশপুর, চৌমুহনীর চৌরাস্তা, চন্দ্রগঞ্জ, চৌমুহনী শহর, সোনাইমুড়ী বাইপাস ও সেনবাগ রাস্তার মাথাসহ নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ ফয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করে।




