শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিল্পী আহমেদ নেওয়াজের পিতা তবিবুল আলমের ইন্তেকাল

শিল্পী আহমেদ নেওয়াজের পিতা তবিবুল আলমের ইন্তেকাল

tabibul alamআনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট, সমাজসেবী আলহাজ আবু মুহাম্মদ তবিবুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শনিবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে মরহুমের পুত্র শিল্পী আহমেদ নেওয়াজ জানান। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা রোববার বাদে আসর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় আল্লামা পীর সাবির শাহ (মা:জি:আ:) ইমামতি করতে পারেন বলে জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন। তিনি বলেন, মরহুম তবিবুল আলম সাহেব দীর্ঘদিন ধরে কাদেরিয়া ত্বরিকার ছিলছিলার খেদমত করেন। তিনি আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আওলাদে রাসুল (দ.) হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রা.) এর মুরিদ ছিলেন।

আহমেদ নেওয়াজ জানিয়েছেন, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে বাদে মাগরিব দ্বিতীয় নামাজে জানাজার পর মরহুমের লাশ দাফন করা হবে। মরহুম আবু মুহাম্মদ তবিবুল আলম আনজুমান ট্রাস্ট ছাড়াও, রেডক্রিসেন্ট, শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সাথে জড়িত ছিলেন।

উল্লেখ্য, মরহুম তবিবুল আলম দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের ছোট ভাই এবং সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরীর শ্বশুর।

আরও পড়ুন

সর্বশেষ