রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্দর শ্রমিক কর্মচারীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিন : আ জ ম...

বন্দর শ্রমিক কর্মচারীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিন : আ জ ম নাছির

সাগর, পাহাড়, নদী ও সমতল ভূমি পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই চট্টগ্রাম। বঙ্গোপসাগর আর পাহাড়–সমতলের বুক চিড়ে বয়ে চলা নদী কর্ণফুলীর তীরে অবস্থিত চট্টগ্রাম বন্দর। এর কল্যাণে চট্টগ্রাম একটি সমৃদ্ধ জনপদ। তাই জীবন–জীবিকার তাগিদে বিশ্বের নানান প্রান্তের মানুষ ছুটে আসে এই নগরীতে। এসব মানুষের কায়িক পরিশ্রমে বন্দরের সক্ষমতার উত্তরণ ঘটিয়েছে। তাই শ্রমিকদের প্রতি অবহেলা নয়, সম্মান চাই। বন্দর শ্রমিক কর্মচারীদের যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক–কর্মচারী লীগ আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ)’র সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী, কাউন্সিলর হাজী মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, হাজী মো. কামাল, নুরুল আবছার, সরোয়ার মিয়া, হুমায়ুন কবির, মো. আবু বক্কর চৌধুরী বাপ্পী প্রমুখ।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম বন্দরের এই সক্ষমতা বৃদ্ধির পেছনে শ্রমিক কর্মচারীদের ভূমিকাই মুখ্য। শ্রমিক কর্মচারীদের দাবিসমূহ শতভাগ যৌক্তিক। বিশাল এই বন্দরে পর্যাপ্ত পরিমাণ টয়লেট, গোসল খানাসহ নিত্য ব্যবহার্য্য সুবিধাদি না থাকা অনাকাঙ্ক্ষিত। কাজের পরিবেশ সৃষ্টির জন্য অবশ্যই জনগুরুত্বপূর্ণ সুবিধাদি থাকা অপরিহার্য। এতে বন্দরের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। তিনি শ্রমিকদের ঐক্য প্রত্যাশা করে বলেন, ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য শ্রমিকদের ঐক্য প্রয়োজন। মামলা, মোকদ্দমা বা আন্দোলন–সংগ্রাম মুখ্য বিষয় নয়। শ্রমিক ঐক্যবদ্ধ থাকলে সকল অধিকার আদায় করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। বাজেটের দুই তৃতীয়াংশ অর্থ এ বন্দর থেকে যোগান হয়ে থাকে। তাই চট্টগ্রাম বন্দর সচল থাকলে দেশও সচল থাকবে। মেয়র একটি স্বার্থান্বেষী মহল কতিপয় শ্রমিক–কর্মচারীকে পুঁজি করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রাম বন্দরের সুনাম ও সুখ্যাতিকে এবং দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এ ধরনের দেশপ্রেম বিবর্জিত কাজে যারা লিপ্ত তাদের বিষয়ে শ্রমিক কর্মচারীদের সজাগ ও সচেতন থাকার পরামর্শ দেন সিটি মেয়র। এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, নেতৃত্বকে ব্যক্তির স্বার্থে নয়, শ্রমিক শ্রেণী, দেশ ও জাতির স্বার্থে নিয়োজিত রাখতে হবে। মেয়র চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের যৌক্তিক দাবিসমূহ পূরণের সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ