চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
জাতীয় কর দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন খান পরিবারের সদস্যরাই। আয়কর বিভাগ এবার চট্টগ্রাম মহানগরী ও জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলে ২৯ করদাতাকে সম্মাননা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ করদাতা ও দীর্ঘমেয়াদি করদাতার দু’টি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঐতিহ্যবাহী এ কে খান পরিবারের সদস্যরা। তারা হলেন দীর্ঘমেয়াদি করদাতা বিভাগে সালাউদ্দিন কাশেম খান ও সদর উদ্দিন খান। সর্বোচ্চ করদাতা বিভাগে তাদের সঙ্গেই যুক্ত হয়েছেন এ এম জিয়াউদ্দিন খান।
চট্টগ্রাম আয়কর মেলা উদযাপন কমিটির সভাপতি ও কর অঞ্চল-১’র কমিশনার মো. দবির উদ্দিন জানান, আগামী ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় আয়কর মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান করে সম্মাননা পুরস্কার দেওয়া হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. মো. আফছারুল আমীন।
আরও যারা পুরস্কার পাচ্ছেন
চট্টগ্রাম জেলায় দীর্ঘমেয়াদি করদাতা বিভাগে সম্মাননা পাচ্ছেন আগ্রাবাদের মৃত সিরাজুল হক খানের ছেলে হাবিব উল্ল্লাহ খান ও কোতোয়ালি থানার মৃত সরদা চরণ বড়ুয়ার ছেলে যতীন দাশ বড়ুয়া। সর্বোচ্চ করদাতা বিভাগে ফিরিঙ্গিবাজারের হাজি শামসুল ইসলামের ছেলে আবু তাহের রাজু, ফুজি ইংক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ফারহানা খানম ও কোতোয়ালি থানার আবু তাহেরের ছেলে মো. কামাল মনোনীত হয়েছেন।
কক্সবাজার থেকে দীর্ঘমেয়াদি বিভাগে মৃত আবুল হক সওদাগরের ছেলে মুজিবুল হক, মৃত হাজি আশরাফ মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম এবং এজাহার মিয়ার ছেলে আবদুস শুক্কুর, মৃত আহমেদুর রহমানের ছেলে ওসিয়র রহমান ও সাংসদ আবদুর রহমান বদি সর্বোচ্চ করদাতা বিভাগে মনোনীত হয়েছেন।
রাঙামাটি থেকে মৃত এম কাশেমের ছেলে মো. আবু বকর সিদ্দিক ও মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. ফজলুক হক দীর্ঘমেয়াদি বিভাগে এবং হাফিজুর রহমান তালুকদারের ছেলে লোকমান হোসেন তালুকদার, মণীন্দ্র লাল ভট্টাচার্যের ছেলে রুনু ভট্টাচার্য ও আমজাদ হোসেনের ছেলে আকতার হোসেন সর্বোচ্চ করদাতা বিভাগে মনোনীত হয়েছেন।
বান্দরবান থেকে দীর্ঘমেয়াদি করদাতা বিভাগে মনোনীত হয়েছেন মৃত কালু মিয়ার ছেলে মো. ওসমান গণি এবং সর্বোচ্চ করদাতা বিভাগে লোকমান হাকিমের ছেলে খোরশেদ আলম, মৃত রুহুল আমিনের ছেলে আবদুল আমিন, মৃত কবির আহমদের ছেলে আবুল কাশেম সওদাগর।
খাগড়াছড়ি জেলা থেকে যাদব চন্দ্র বড়ুয়ার ছেলে কল্যাণ মিত্র বড়ুয়া, শামসুল হক মজুমদারের ছেলে মো. সাহাব উদ্দিন মজুমদার দীর্ঘমেয়াদি বিভাগে এবং মৃত ওবাইদুল আলমের ছেলে মো. দিদারুল আলম, মৃত বাদশা মিয়া সওদাগরের ছেলে মো. শামসুল আলম ও হারাধন দাশের মেয়ে বিউটি দেব সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।




