রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন আর নেই

কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন আর নেই

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

জনপ্রিয় অভিনয়শিল্পী ও নায়ক আনোয়ার হোসেন আর নেই। বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বেশ কিছু দিন ধরেই মারাত্মক অসুস্থতা ভুগছিলেন। ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’ ছবিতে নবাব চরিত্রে অভিনয় করে তিনি বেশ খ্যাতি কুঁড়িয়েছিলেন বাংলা সিনেমার জগতে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে আনোয়ার হোসেনের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।চিকিৎসকরা জানিয়েছিলেন, তার গল ব্লাডারে পাথর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন ব্যাধিতে ভুগছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি শিল্পী আনোয়ার হোসেনের চিকিত্সার জন্য তাঁর আত্মীয়-স্বজনের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার কিংবদন্তি এই নায়ক। তার বাবার নাম নজির হোসেন ও মায়ের নাম সাঈদা খাতুন। তিনি ছিলেন তার বাবা-মায়ের তৃতীয় সন্তান। ১৯৫১ সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
আনোয়ার হোসেন স্কুলজীবনে প্রথম অভিনয় করেন। তার প্রথম অভিনীত প্রথম নাটক- ‘পদক্ষেপ’ (আসকার ইবনে সাইকের লেখা)। ১৯৫৭ সালে আনোয়ার হোসেন ঢাকায় চলে আসেন। এ বছরই পরিচয় ঘটে পরিচালক মহিউদ্দিনের সঙ্গে। এর পর পরই তিনি অভিনয় শিল্পে জড়িয়ে পড়েন। তাঁর অভিনীত প্রথম ছবির নাম- ‘তোমার আমার’।
আনোয়ার হোসেন অভিনীত অন্যতম ছবিগুলো হচ্ছে- ‘নবাব সিরাজউদ্দৌল্লাহ`, `নাগর দোলা`, `জীবন থেকে নেয়া’, ‘সূর্যস্নান’, ‘লাঠিয়াল’, ‘জোয়ার এলো’, ‘কাঁচের দেয়াল’, ‘নাচঘর’, ‘দুই দিগন্ত’, ‘বন্ধন’, ‘পালঙ্ক’, ‘অপরাজেয়’, ‘পরশমণি’, ‘শহীদ তিতুমীর’, ‘ঈশা খাঁ’, ‘অরুণ বরুণ কিরণমালা’, ‘গোলাপী এখন ট্রেনে’, `রংবাজ`, `নয়নমনি`, `রূপালী সৈকতে`, `ধীরে বহে মেঘনা`,`ভাত দে` উল্লেখযোগ্য। নায়ক হিসেবে তার শেষ ছবি ‘সূর্য সংগ্রাম’।
পুরস্কারপ্রাপ্তি: কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০, আজীবন সম্মাননা, পাকিস্তানের নিগার ও বাচসাস পুরস্কার পান।
আরও পড়ুন

সর্বশেষ