ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
‘আগামী তিন দিন খেয়াল রাখুন। চমক দেখতে পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন, আমরা বিরোধী দলের অপপ্রচার মোকাবেলা ও সরকারের সফলতা জনগণের সামনে তুলে ধরতে ভিন্ন রকম কৌশল নিয়েছি।’ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্য করে জয় বলেন, ‘আপনারা সামনের দিনগুলোতে একটু খেয়াল রাখবেন। সত্যকে ভালোভাবে কাভারেজ দেয়ার চেষ্টা করবেন। বিরোধী দলে থেকে চমক দেখানো যতো সহজ, সরকারে থেকে তা অত্যন্ত কঠিন। আমরা অনেক কাজ করেছি, ভবিষ্যতে আরও করবো এবং দেশের মানুষকে চমকপ্রদ কিছু দেওয়ার চেষ্টা করবো।’
জামায়াত-শিবিরের সাইবার অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগও সাইবার টিম গড়ে তুলেছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারকে কাউন্টার দেয়ার জন্য আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে।’ আগামীতে ৩’শ সংসদ সদস্যেরই আলাদা ফেজবুক পেজ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।




