‘সংসদ বহাল রেখে নির্বাচন’- প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর চারদিকে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, এ ঘোষণার মধ্য দিয়ে আলোচনার সব পথ রুদ্ধ হয়ে গেছে। কিন্তু ক্ষমতাসীন দলের মন্ত্রীরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, আলোচনার পথ খোলা আছে। বিএনপিসহ সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে- এ প্রত্যয়ও ব্যক্ত করেছেন তারা। বৃহস্পতিবার পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, এক তরফা নির্বাচন হবে না। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি নির্বাচনে অংশ নেবেই। বৃহস্পতিবার চট্টগ্রামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংলাপের মাধ্যমে সঙ্কটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে যুক্তরাজ্য সফরের প্রাক্কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আলোচনার দরজা এখনও খোলা আছে, সময় শেষ হয়ে যায়নি। এভাবে সঙ্কটের বরফ গলবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে এ প্রত্যাশা দেশবাসীর।
সংলাপের মাধ্যমে সঙ্কটের সমাধান : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংলাপের মাধ্যমে সঙ্কটের সমাধান করে ২৪ জানুয়ারির মধ্যে যথাসময়ে নির্বাচন হবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে এ ব্যবস্থায় নির্বাচন হচ্ছে। এ ক্ষেত্রে শুধু আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসে ‘রাজস্ব আদায় বিষয়ে দিকনির্দেশনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
একতরফা নির্বাচন হবে না : লতিফ সিদ্দিকী : একতরফা নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে এরশাদ সাহেব উল্টাপাল্টা বলছেন। তার এসব বলার উদ্দেশ্য হলো বিএনপি যেন নির্বাচনে না আসে। এতে তিনি হবেন প্রধান বিরোধীদলীয় নেতা। কিন্তু তার এ আশা কোনোদিন পূর্ণ হবে না।
ব্যবসায়ীদের দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যবসার প্রসার ও উন্নতি করতে হলে বিএনপিকে চাঁদা দেয়া বন্ধ করতে হবে। বিএনপিকে চাঁদা দেয়া বন্ধ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যাংক সুদ কমানোর আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ব্যাংক সুদসহ শিল্প বিকাশে সব করা হবে। তবে ব্যবসার নামে বিএনপিকে চাঁদা দেয়া বন্ধ করতে হবে। খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, কয়েকজন যুদ্ধাপরাধীকে যখন ঝোলানো হবে তখন হেফাজত-জামায়াতকে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না।
বিএনপি জামায়াতের পিছু না ছাড়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী যাকাতের নামে ইসলামী ব্যাংকের ১ লাখ ৯১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ টাকার জন্য বিএনপি জামায়াতের পিছু ছাড়ছে না।
সেমস গ্লোবাল প্রেসিডেন্ট মেহেরুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ প্রেসিডেন্ট আফতাব-উল-ইসলাম, বিকেএমইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) রিয়াজ বিন মাহমুদ, বিজিএফএফএমইএ প্রেসিডেন্ট হারুন-উর-রশিদ প্রমুখ।
আলোচনার দরজা এখনও খোলা আছে-ইনু : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি সংলাপের পরিবেশ ও সুযোগ ২টিই নষ্ট করছে। কারণ প্রধানমন্ত্রী প্রথম সংলাপের প্রস্তাব দিয়ে তার উদারতার প্রমাণ দিলেও বিরোধী দল তা গ্রহণ করতে পারেনি। তবে সময় শেষ হয়ে যায়নি এবং আলোচনার দরজা এখনও খোলা আছে বলে মনে করছেন তিনি।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথ উদ্যোগে লন্ডনে ৭-৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ই-কমার্স মেলা ২০১৩-এ অংশগ্রহণের জন্য তিনি যুক্তরাজ্যে গেছেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কথা বলতেই পারেন। তার মানে এই নয় যে, আলোচনার সব দরজা বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যই শেষ কথা এবং আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে। সব কিছু শেষ হয়ে গেছে বলে বিরোধীদলীয় নেতা যে অভিযোগ তুলছেন তা সঠিক নয়।
বিএনপি নির্বাচনে অংশ নেবেই : পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে। গাধা জল ঘোলা করে খায়। বিএনপি এখন তাই করছে।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে ইউএসএআইডির বিদায়ী মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে হবে।




