২০ই জানুয়ারী শনিবার পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় ও মমতা’র পরিচালনাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নগরীর হালিশহরস্থ রাবেয়া বসরি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির চেয়ারম্যান এ.কে.এম বেলায়েত হোসেন, প্রধান শিক্ষিকা খোরশেদা রোকেয়া ও মমতা’র উপ পরিচালক (আইসিটি ও প্রোগ্রাম) তৌহিদ আহমেদ যৌথভাবে পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধন করেন। পিঠা উৎসব দেয়ালিকা প্রদর্শনীতে উক্ত বিদ্যালয়ের ৬ষ্ঠ – ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধন কালে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন। আলোচকরা বলেন, পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালীর আবহমান সংস্কৃতির লালন পালনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে এবং দেয়ালিকা প্রদর্শণীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ শিক্ষাঙ্গনেই সাহিত্য চর্চার সুযোগ পাবে।
উল্লেখ্য যে, পিকেএসএফ এর সহায়তায় মমতা চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন করছে।




