ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর রামপুরায় পুলিশের একজন সাবেক অতিরিক্ত উপ কমিশনারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফজলুল করিম (৬০)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম রামপুরার ৭৫/২ নম্বর বাড়ির দোতালায় এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সকাল ১০টার দিকে ফহজলুল করিম বাসার ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছিলেন। বাসায় প্রবেশের দরজা খোলা ছিল। এ সময় দুই/তিনজন সন্ত্রাসী বাসায় ঢুকেই তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা চাকরি জীবনে আলোচিত তনাই মোল্লা ও ডাকাত মোকিম গাজীকে গ্রেফতার করেছিলেন। এই দুইটি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়াও সিআইডিতে কর্মকালীন সময়ে ঢাকার অনেক আলোচিত মামলার তিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন।




