ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
লঞ্চ মালিকদের অভ্যন্তরীণ কোন্দল ও অনুমোদনবিহীন লঞ্চ চলাচলের জের ধরে এক সপ্তাহ ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ।
গত ২২ আগস্ট শাহ পরান নামে একটি লঞ্চ কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে মাওয়া ঘাটে গেলে লঞ্চটিকে আটকে রাখে ওই পাড়ের লঞ্চ মালিক ও শ্রমিকরা।
তাদের অভিযোগ, মালিক সমিতির অনুমোদন না নিয়েই লঞ্চটি চলাচল করছিল।
তবে লঞ্চের মালিক জানান, কোনো কারণ ছাড়াই তার লঞ্চটি আটক করা হয়েছে। এ ঘটনার পর মাওয়া থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোকে কাওড়াকান্দি ঘাটে নোঙর করতে দেয়নি লঞ্চ মালিক ইয়াকুবের লোকজন। সেদিন থেকেই ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন সী বোট বা ট্রলারে নদী পাড়ি দিচ্ছে ২৩ জেলার মানুষ।
এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় লোকসান গুনতে হচ্ছে মালিকদের। অচলাবস্থা নিরসনের দাবিতে মাওয়া ঘাটে সংবাদ সম্মেলন করেন তারা। সমস্যা সমাধানের শিগগিরই উদ্যোগ নেয়ার কথা জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।




