সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় নুরুল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৪ নভেম্বর ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত জেলা পুলিশের এএসআই আমান উল হক জানান, সাতকানিয়ার হাসমত আলীর দোকানের সামনে একটি বাস একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় সাতকানিয়ার আফজল নগরের ইসলামের ছেলে নুরুল আমিন (২৪) দুর্ঘটনাকবলিত গাড়ি দেখছিলেন। আকস্মিকভাবে আরেকটি বাস এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে পাঁচটার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, দোহাজারী হাইওয়ে পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করেছে।



