শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে আনোয়ার হোসেনের পরিবার

প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছে আনোয়ার হোসেনের পরিবার

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থাবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালের একটি কক্ষে সময় পার করছেন। গলব্লাডারে স্টোন, ডায়াবেটিসসহ তার রয়েছে বার্ধক্যজনিত নানা সমস্যা। কয়েকদিন ধরে আনোয়ার হোসেনকে স্যালাইনের মাধ্যমে ওষুধ দেয়া হচ্ছে। একইভাবে তাকে খাবারও দেয়া হচ্ছে। কিন্তু তার চিকিৎসক সারোয়ার জানান, এভাবে স্যালাইনের মাধ্যমে খাবার সরবরাহ করলে তিনি দিন দিন আরও দুর্বল হয়ে পড়বেন। এমতাবস্থায় নাক দিয়ে নলের মাধ্যমে খাবার দেয়া জরুরি। কিন্তু তাতে বাধা দিচ্ছেন আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ার। কারণ, নাক দিয়ে খাবার দিতে গেলে তা আনোয়ার হোসেন সহ্য করতে পারবেন না। নিজ হাতেই তিনি তা সরিয়ে নেবেন। আর তাতে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। এদিকে গলব্লাডারে স্টোন থাকার কারণে আনোয়ার হোসেন প্রায়ই ব্যথায় কষ্ট পাচ্ছেন। নাসিমা আনোয়ার বলেন, ঠিক এ মুহূর্তে আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া জরুরি প্রয়োজন। কিন্তু এতো অর্থ আমাদের নেই। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চাইছি। কিংবা তিনি যেন আমার স্বামীর সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। নাসিমা আনোয়ার বলেন, ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমার স্বামী যখন আজীবন সম্মাননা পান তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যে কোন সহযোগিতার প্রয়োজন হলে তাকে যেন স্মরণ করি। তিনি তার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ফোন নম্বরও দিয়েছিলেন। কিন্তু তা আমি হারিয়ে ফেলেছি। আজ সত্যিই আমি আমার স্বামীকে নিয়ে ভীষণ বিপদে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, প্লিজ আপনি একজন আনোয়ার হোসেনের পাশে দাঁড়ান। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নেয়া জরুরি বলেও জানিয়েছেন স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। যত দেরি হবে ততই তিনি শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়বেন। উল্লেখ্য, আনোয়ার হোসেন পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। প্রায় আট বছর ধরে তিনি অভিনয় থেকে দূরে আছেন।

আরও পড়ুন

সর্বশেষ