ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আগামী চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ফের নিয়োগ পেয়েছেন।
শনিবার রাতে নিয়োগপত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন প্যানেলের অন্যতম সদস্য এবং উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ।
শনিবার বিকেলে বিশেষ সিনেট অধিবেশনের মাধ্যমে তিন জনের উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়। এরা হলেন বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আখতার হুসাইন, এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ।
এই তিন জনের মধ্য থেকে অধ্যাপক আরেফিন সিদ্দিকের নাম প্রথমে থাকায় তাকেই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক নাসরিন আহমেদ।




