ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রানা প্লাজার নিহত ও আহত শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ এবং গার্মেন্ট শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রানা প্লাজার ট্র্যাজেডির চার মাস পূর্ণ উপলক্ষে এবং নিহতের স্মরণে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধন থেকে শ্রমিক নেতারা বলেন, আজ রানা প্লাজা ট্র্যাজেডির চার মাস পূর্ণ হলো। ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হয়েছে ১১৩৩ জন এবং আহত হয়েছে ১৫ শতাধিক, অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে তিন মাসের মধ্যে নিহত ও আহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ, সরকারি সহায়তায় এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও অধিকাংশ নিহতের পরিবার ক্ষতিপূরণ তো দূরের কথা, সহায়তাও পায়নি।
নেতারা নিহত শ্রমিক পরিবারকে ‘লস অব আর্নিং’ এর ভিত্তিতে ২৮ লাখ টাকা ও আহত শ্রকিদের ৫ লাখ টাকার ক্ষতিপূরণের দেয়ার দাবি জানান।
ভবিষ্যতে রানা প্লাজার মতো দুর্ঘটনা এবং কোনো শ্রমিকদের প্রাণহানি না ঘটে তার জন্য ওয়ালমার্ট, গ্যাপ, টার্গেট ও আর্কেডিয়াসহ ১৪টি বায়ারকে স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানান।
বক্তারা সরকারি উদ্যোগে সরকার, মালিক, শ্রমিক বায়ার ও সিভিল সোসাইটির সমন্বয়ে রানা প্লাজা ট্র্যাজেডির নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় জন্য স্বচ্ছ, উন্মুক্ত এবং জবাবহিদিতা মূলক একটি সেল গঠন করার দাবি জানান।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, শ্রমিক নেতা নুরুন্নাহার, মো. ফারুক খান, সুলতানা আক্তার প্রমুখ।




