চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
জামায়াত-শিবির নিষিদ্ধ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে তারা। এ সংবাদ লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) গেইটের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ চলছিল।
এর আগে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সরকার দলীয় এ সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রলীগ চবি শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী জানান, যুদ্ধাপরাধী জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির নৃশংস ভাবে প্রগতিশীল চর্চার ও মনমানসিকতার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসছে। কিন্তু এসব ঘটনায় কোন ধরনের ভ্যবস্থা নেয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
একইভাবে বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিনের হাতে পায়ের রগ কেটে দিয়েছে জামায়াতের দোসর শিবিরের ক্যাডাররা। জড়িতদের গ্রেপ্তার ও জঙ্গিবাদী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন,‘প্রায় পৌনে ১টার দিকে মিছিল করে গেইটে তালা লাগিয়ে তারা বিক্ষোভ করছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে হলে ফেরার পথে মোটর সাইকেল আরোহী কয়েকজন শিবির ক্যাডার রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হাসান তুহিনের হাতে পায়ের রগ কেটে দেয়। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. মামুন বলেন,‘নিবন্ধন বাতিলের বিষয়ে হাইকোর্ট রায় দিলেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সাথে উপাচার্য বৈঠক করেছেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. খান তৌহিদ ওসমান বলেন,‘জামায়াত-নিষিদ্ধের বিষয়টি সরকারের হাতে। প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।




