শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নগর আওয়ামী লীগের উদ্যোগ: টুঙ্গিপাড়ায় ১০ হাজার মানুষ খাবেন...

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নগর আওয়ামী লীগের উদ্যোগ: টুঙ্গিপাড়ায় ১০ হাজার মানুষ খাবেন চট্টগ্রামের মেজবান

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ। মেজবানে প্রায় ১০ হাজার মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নগর আওয়ামী লীগের নেতারা।
বাবুর্চি, রান্নার উপকরণ, ডেকচিসহ বিভিন্ন সামগ্রী নিয়ে সোমবার রাতেই টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে নগর আওয়ামী লীগের একটি টিম। হরতালের কারণে দু’দিন আগেই টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রার সিদ্ধান্ত হয়েছে। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী রওনা দেবেন আজ মঙ্গলবার বিকেলে।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান, ১৫ আগস্ট দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়া সবাইকে এবং গ্রামের লোকজনকে মেজবানে আপ্যায়িত করা হবে।
নগর আওয়ামী লীগের টিম মঙ্গলবার পৌঁছার পর মেজবানের জন্য টুঙ্গিপাড়া থেকে স্থানীয়ভাবে ১৫টি গরু এবং প্রায় এক’শ ছাগল কেনা হবে। ফারুক জানান, নগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে ১০ জনের মত আজ (সোমবার) রাতেই রওনা দিচ্ছেন। তারা চাল, মরিচ, গরম মসলা, ডেকচিসহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে যাবেন। তাদের সঙ্গে প্রায় ২০ জনের মত বাবুর্চিদের একটি টিমও যাবে। ফারুক জানান, এবিএম মহিউদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছাবেন। সেখান থেকে বুধবার রাতের মধ্যে তিনি টুঙ্গিপাড়া পৌঁছাবেন। এর আগেই নগর আওয়ামী লীগের প্রায় ২৫ জনের মত নেতা টুঙ্গিপাড়া পৌঁছাবেন।
উল্লেখ্য, এর আগেও কয়েকবার টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করেছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান টুঙ্গিপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ