শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ড্রেন থেকে বস্তাভর্তি টিয়ার শেল উদ্ধার

চট্টগ্রামে ড্রেন থেকে বস্তাভর্তি টিয়ার শেল উদ্ধার

নগরীর কোতয়ালী থানার জমিয়াতুল ফালাহ জামে মসজিদের পশ্চিম গেইটের পাশ থেকে বস্তাভর্তি টিয়ার শেল উদ্ধার করেছে পুলিশ। এতে ৩৩টি অবিস্ফোরিত এবং একটি বিস্ফোরিত টিয়ার শেল পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এসব টিয়ার শেল উদ্ধার করেছে ‍পুলিশ।

ঘটনাস্থলে থাকা কোতয়ালী থানার এস আই মজিবর রহমান জানান, নিয়মিত টহলের সময় মসজিদের গেইটের সামনে ফুটপাতে জটলা দেখে তারা ঘটনাস্থলে যান। এসময় তারা ফুটপাত সংলগ্ন ড্রেনের ভেতর একটি চটের বস্তাভর্তি টিয়ার শেলগুলো দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করেন।

মজিবর বলেন, ‘এগুলো পুলিশের টিয়ার শেল নয়। পুলিশের টিয়ার শেলে ‘বাংলাদেশ পুলিশ’ শব্দটি লেখা থাকে। এখানে সেরকম কিছু নেই। সম্ভবত দুর্বৃত্তরা নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব টিয়ার শেল তৈরি করেছে।’

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, ‘টিয়ার শেলগুলো কারা বানিয়েছে কিংবা কারা সেগুলো ড্রেনে ফেলে গেছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

আরও পড়ুন

সর্বশেষ