কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুছকে (২৫) আটক করা হয়। ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে বিজিবির সদস্যরা ওৎপেতে অবস্থান নেয়। এসময় নাফ নদী পার হয়ে এক ব্যক্তি শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় আসলে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেয়। দৌঁড়ে পালানোর সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ইউনুছের হাতে থাকা ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে ৯ হাজার ৮৩০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শনিবার সন্ধ্যায় টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে চিংড়ি মাছের বাধানো প্যাকেটের ভেতর লুকানো ৮ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ২৬ কেজি বাগদা চিংড়িও জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।




