ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও লহ্মীপুর-১(রামগঞ্জ)আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার গাড়ি চালক বাবুল হোসেনকে(৩৫) পিটিয়ে আহত করা হয়।
শুক্রবার সন্ধ্যায় পাটবাজারে বিএনপির দুইগ্রুপের গোলাগুলির জের ধরে রাত সাড়ে ৭টার দিকে কাঞ্চনপুর বাজারে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি নাজিম উদ্দিন আহমেদ জানান, তিনি কাঞ্চনপুর বাজারে দলীয় একটি ইফতার মাহফিলে যোগ দিতে ঢাকা থেকে এসেছেন। কিন্তু বিএনপির বহিষ্কৃত নেতা জিয়াউল হক জিয়ার অনুসারী জামাল, মামুন, রাসেল, কাউসার মালের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ-১৩৪৩৯৪)গাড়ি ভাঙচুর করেছে।
এতে গাড়িটির চারপাশে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ঘটনায় তিনি মামলা করবেন।
রামগঞ্জ শহরের ইফতার মাহফিলে সংঘর্ষের ঘটনায় তার লোকজন জড়িত নয় বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী বিএনপির বহিষ্কৃত নেতা জিয়াউল হক জিয়ার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।




