ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
যুদ্ধাপরাধের মামলায় ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ৩০ জুলাই এ মামলার অভিযোগের কপি ও অন্যান্য নথি ট্রাইব্যুনালে দাখিল করারও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, ‘ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপির সহ-সভাপতি জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ ১১টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত শুরুর পর থেকেই তিনি পলাতক রয়েছেন।’
জাহিদ হোসেন ওরফে খোকন একজন স্বঘোষিত রাজাকার, যে বলে, ‘আমি রাজাকার ছিলাম, আছি এবং রাজাকার হিসেবেই মৃত্যুবরণ করতে চাই।’
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৯ মে চাঁদের হাটে পাকিস্তানি সেনাবাহিনী ও এদেশীয় রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ভাই জাফর রাজাকার মারা যাওয়ার পর খোকন নগরকান্দা রাজাকার বাহিনীর প্রধান হন।
প্রসিকিউশন গত ২৩ জুন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচারণা চালান। পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।
২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর থেকেই পলাতক রয়েছেন।




