চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় ইফতারের আগ মুহূর্তে তাণ্ডব চালিয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের দোসর শিবির। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ছয়টি গাড়ি ভাংচুর ও অগ্নি-সংযোগ করে।
সোমবার সন্ধ্যে পৌঁনে ৬টার দিকে কর্ণফুলী মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে তারা এ তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায়ের প্রতিবাদে সোমবার কর্ণফুলী মার্কেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে শিবির। ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ওই এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে তারা। এসময় রাস্তায় থাকা ছয়টি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি গাড়িতে অগ্নি-সংযোগ করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে বলে তিনি জানান।
ওসি প্রদীপ দাশ বলেন,‘ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে ইফতারের আগ মুহুর্তে শিবিরের এমন তান্ডবে ঘরমুখি আতঙ্কগ্রস্থ পথচারীরা ছুটোছুটি করে আশপাশের বিভিন্ন ভবন ও দোকানপাটে আশ্রয় নিতে দেখা গেছে। এরপর রাস্তায় যানবাহন কমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।
দুই নম্বর গেইট এলাকায় শিবিরের তাণ্ডবের ঘটনার প্রতিবাদে মিছিল করেছে ছাত্রলীগ।
হরতালের সমর্থনে সোমবার রাত ৮টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের বাদামতলী মোড়ে ঝটিকা মিছিল করে ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছ জামায়াত-শিবিরের কর্মীরা।
তারা গাড়ি ভাংচুরের করার চেষ্টা করলেও পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে যায় বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, শিবিরের ছোঁড়া ককটেল বিষ্ফোরণে এক কনস্টেবল আহত হয়েছে।
শিবির সন্দেহে একজনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেয় বলে জানান তিনি।
নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার উখ্য সিং জানান, হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের সামনে মিছিল বের করে চার-পাঁচটি ককটেল বিষ্ফোরণ ঘটায়।
মিছিলকারীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায় বলে জানান তিনি।
চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)




