মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। ০২ ফেব্রুয়ারি কার্যতালিকায় মামলাটি ০৬ নম্বরে রয়েছে। ০১ ফেব্রুয়ারি বিকেলে এ কার্যতালিকা প্রকাশিত হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে আপিল শুনানি চলবে। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ০৬ জানুয়ারি শুনানির এ দিন ধার্য করেন আপিল বিভাগ। মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ ইতোমধ্যেই দাখিল করেছেন রাষ্ট্র ও আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মীর কাসেম আলীর পক্ষে প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আপিল শুনানিতে নেতৃত্ব দেবেন।



