সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আমি কাউকে এখন আর চিনি না

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে আমি কাউকে এখন আর চিনি না

মেয়র আ জ ম নাছির নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে বলেছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ‘আমি কাউকে চিনলেও এখন আর চিনি না। বিষয়টি স্পষ্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১০০ দিনে সম্পাদিত উন্নয়ন ও সেবা কার্যক্রম অবহিত করতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক ধরপাকড় সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যানজট প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমি মনে করি যানজট নিরসনে ট্রাফিক বিভাগের ব্যর্থতা আছে। বিশেষ করে কিছু সড়ক বা স্পট আছে যেখানে যানজট হওয়ার কথা নয়। তাই ট্রাফিক বিভাগকে নিয়ে শিগগির বসবো। এখানে কাজ করার সুযোগ আছে এবং করবো।

তিনি বলেন, অফিস সময়ে ফুটপাত হকারমুক্ত করতে হকার্স সমিতি ও ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে ৩ ডিসেম্বর সভা করবো। স্বল্পমেয়াদি উদ্যোগ হিসেবে সড়ক ছেড়ে দিতে হবে তাদের। রাস্তা গাড়ির জন্য। এরপর বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফুটপাতে বসতে দেওয়া হবে। নইলে হকাররা বেকার হয়ে পড়বে। সমাজে অস্থিরতা তৈরি হবে। ভারসাম্য নষ্টা হবে। পর্যায়ক্রমে জোনভিত্তিক হকারদের জন্য বিপণিকেন্দ্র তৈরি করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতাকাজে নগরবাসীর সহযোগিতা পুরোপুরি পাচ্ছেন না জানিয়ে মেয়র বলেন, অস্বীকারের উপায় নেই নগরবাসীর মাইন্ডসেট পরিবর্তন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। ইতিমধ্যে ২০ লাখ লিফলেট বিলি করেছি। ১ কোটি লিফলেট বিলির পরিকল্পনা আছে, দরপত্র হয়েছে। তবে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে নিয়ম মেনে ময়লা না ফেললে স্পটে জরিমানা, মামলা এমনকি গ্রেফতারও করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গ‍ড়ার কাজে শতভাগ সফল হতে হবে।

তিনি বলেন, নালা-নর্দমা উচ্ছেদে ১০-১৫ দিনের সময় দিয়ে নোটিশ ইস্যু করা হবে। এরপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হবে। একাজে যে খরচ হবে তা সংশ্লিষ্টদের কাছ থেকে নেওয়া হবে এবং মামলা দেওয়া হবে। তিনি বন্দর কর্তৃপক্ষের অলস পড়ে থাকা প্রচুর অর্থ থেকে মহেশখাল, চাক্তাই খালসহ নগরীর প্রধান চারটি খালের মুখে স্লুইসগেট নির্মাণ করা হবে বলে জানান। মেয়র বলেন, সড়ক সংস্কার ও মেরামত কাজে দেশি বিটুমিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে কাজ হবে সেখানে দৃশ্যমানভাবে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম্বারসহ প্রকল্পের তথ্য সাঁটাতে হবে। সিডিউল রাখতে হবে। কাউন্সিলর ও আমাদের কাছে সিডিউল থাকবে। যে কেউ প্রকল্পের কাজ সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে। তিনি বলেন, আমি অপরিকল্পিত কাজ করতে চাই না। সম্মিলিতভাবে সমন্বিত কাজ করতে চাই।

আরও পড়ুন

সর্বশেষ