সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউইম্যান চেম্বার নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে...

উইম্যান চেম্বার নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, উইম্যান চেম্বার নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। চট্টগ্রামের উদ্যোক্তা নারীদের জাগরণী শক্তির উৎস হিসেবে গড়ে ওঠা উইম্যান চেম্বার মহীরুহে পরিণত হয়েছে। রোববার নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত নবম ইন্টারন্যাশনাল উইম্যান’স এসএমই এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী উদ্যোক্তারা এ মেলা নিয়ে আজকে বহিঃবিশ্বে ছড়িয়ে যাচ্ছেন। এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছেন এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছানো ভালভাবেই সম্ভব।

সভাপতির বক্তব্যে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালেক বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসারে নারী উদ্যোক্তারা একটি সুস্থ ঋণ প্রবাহ প্রত্যাশা করেন। অধিকাংশ ক্ষেত্রে পুরুষরা খেলাপি হলেও নারীদের খেলাপী হওয়ার সংখ্যা নেই বললেই চলে। বাংলাদেশ ব্যাংকের যে ঋণ প্রবাহ তা যথেষ্ট নয়। আমরা সমবায় ব্যাংক গঠনের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ দিয়ে যাচ্ছি। এ অবস্থায় আমাদের দীর্ঘদিনের দাবি নারীদের জন্য আলাদা ব্যাংক গড়ে তোলার।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ২০২০ সালের মধ্যে ৫০ শতাংশ নারী উদ্যোক্তা সৃষ্টি করা। এসময় তিনি উইম্যান চেম্বারকে দেশের শীর্ষ ট্রেড বডি এফবিসিসিআই’র পরিচালনা পরিষদে বিনা নির্বাচনে সরাসরি অন্তর্ভুক্ত করায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিহা নাহার, মেলা কমিটির চেয়ারপার্সন রেখা আলম। উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশানা আলী, ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, উইম্যান চেম্বারের পরিচালক শারমিন হোসেন, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা আউয়া, সিভিও পেট্রোক্যামিক্যাল এর নিজাম উদ্দিন মাহমুদ ও কে এম হাবিবুল্লাহ’র সহধর্মিণী বিলকিস হাবিবসহ উইম্যান চেম্বার নেতারা।  মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারী ব্যাংক ও মেলায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট স্টল ও প্যাভেলিয়নকে সমাপনী অনুষ্ঠান শেষে পুরস্কৃত করা হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ