জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর জানাজা বাদ আছর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত সহকারী জামাল এ তথ্য জানান। জামাল বলেন, জানাজা শেষে গোলাম আকবর চৌধুরীর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। এদিন বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল মজিদ ভূঁইয়া বলেন, গোলাম আকবর চৌধুরী দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বেলা পৌনে ১১টার দিকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।



