রিভিউ আবেদনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পড়ে শোনানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে। বৃহস্পতিবার রাত আটটা ৪৫ মিনিটে রায় দু’টির কপি পৌঁছে কারাফটকে। রায়ের কপি গ্রহণ করেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে তা পাঠানো হয় ভেতরে। এরপর দু‘জনকেই কপি পড়ে শোনানো হয়।
এসময় দু’জনের কাছেই ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে আইনজীবীর সঙ্গে কথা বলতে চান উভয় আসামি। কিন্তু আদালতের প্রতিনিধিরা তাদের জানান, এ পর্যায়ে কেউই আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন না। তখন দু’জনই নিজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ফের দেখা করতে চান।




