নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে সোমবার এ আবেদন করা হয়। রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গত ১৮ জুন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখুরলকে জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে এ তিন মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। নাশকতার কাজে উস্কানি, প্ররোচণা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে এসব মামলা দায়ের করে পুলিশ।



