রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

মাগুরা সদর উপজেলার রাউতারা হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলফু বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাছে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আলফু বিশ্বাস ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার পাকাখর্দ্দ গ্রামে। ‘বন্দুকযুদ্ধে’ চারজন কনস্টেবল আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরার সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন রায়ের ভাষ্য, ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এক পর্যায়ে আলফু বিশ্বাস গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান। সুদর্শন রায়ের দাবি, ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান, দুইটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মমতাজ মজিদের ভাষ্য, রাত দুইটা ৫০ মিনিটের দিকে আলফুকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় বাম বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে মৃত পাওয়া যায়। সুদর্শন রায়ের তথ্যমতে, আলফুর বিরুদ্ধে সদর থানায় চারটি মামলা রয়েছে । তাঁর বিরুদ্ধে দুটি ডাকাতি, একটি খুন ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ