বাংলাদেশে সফরে আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরে বহুপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব সুজাতা মেহতা। তিন দিনের সফরে আগামী ৫ এপ্রিল ঢাকা তিনি পৌঁছাবেন বলে বৃহস্পতিবার জানায় ভারতীয় হাইকমিশন সূত্র। সুজাতার সফরসঙ্গী হিসেবে থাকছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন পার্টনারশিপ প্রশাসন যুগ্ম-সচিব অলোক কুমার সিনহা এবং বাংলাদেশ ও মায়ানমার বিষয়ক যুগ্ম-সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। হাইকমিশন জানায়, দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে সফরকালীন চলমান ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা পর্যালোচনা করবেন তিনি। সুজাতা মেহতা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরে তিনি অর্থ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন সুজাতা।



