রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়জুবায়ের হত্যা মামলার রায় ৮ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ

জুবায়ের হত্যা মামলার রায় ৮ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার পুনর্নির্ধারণ করেছেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু নিরাপত্তার কারণে আসামিদের হাজির করতে না পারায় তা পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার পুনর্নির্ধারণ করেছেন জেলা ও দায়রা জজ পদমর্যাদার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। জাবির ইংরেজি ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের হত্যাকাণ্ডের ৩ বছর পর এ রায় ঘোষণা করা হবে।

মামলার ১৩ আসামি হলেন, খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ ওরফে সোহান, জাহিদ হাসান, ইশতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি ও মো. মাহমুদুল হাসান মাসুদ। তারাও জাবির বিভিন্ন ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মী। ১৩ আসামির মধ্যে ৭ জন কারাগারে আটক আছেন। বাকি ৬ জন পলাতক। কারাগারে আটক ৭ আসামির সবাই জামিনে ছিলেন। গত ২৮ জানুয়ারি মামলার বিচারিক কার্যক্রমের শেষ দিনে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৩ ফেব্রুয়ারি মামলার কাঠগড়া থেকে চার আসামি খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, ইশতিয়াক মেহবুব অরূপ ও মাহবুব আকরাম পালিয়ে যান। তাদের ছাড়াই মামলার কার্যক্রম শেষ হয়।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা শেষে ফেরার পথে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এরপর তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে মারা যান জুবায়ের।

আরও পড়ুন

সর্বশেষ