বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পায়ের নিচে মাটি নেই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনাই তাসের ঘরে বসে আছেন বালু চরের মতো। তার পায়ের নিচেই মাটি নেই। শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে জাতীয় প্রেস কাবে অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অলি আহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে একজন বিকৃত মনের রাজনৈতিক নেতা হিসেবে আখ্যা দেন ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষ ও সারা বিশ্বকে মিথ্যাচার করে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার চক্রান্তে লিপ্ত রয়েছেন। তিনি এতটাই বিকৃত মনের মানুষ যে ক্ষমতায় টিকে থাকায় বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পায়ের নিচে মাটি নেই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, নিজের কথা ভাবুন। নিজের দিকে একবার তাকান। তাসের ঘরের মধ্যে আপনি নিজে বসবাস করছেন। আপনার পায়ের নিচেই মাটি নেই। আর এর প্রমাণ পেতে চাইলে জনগণের চোখের দিকে তাকিয়ে দেখুন, জনগণের চোখে আপনার জন্য বিন্দুমাত্র ভালোবাসা দেখতে পারবেন না। কারণ জনগণ আপনার ফ্যাসিস্ট শাসনকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। এসময় তিনি বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের জনগণকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ নেই মন্তব্য করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফখরুল বলেছেন, আপনি বঙ্গবন্ধুর মেয়ে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের বিন্দুমাত্র ছাপ আপনার মধ্যে নেই। তাই এখনও সময় আছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে দূরে সরে আসুন এবং দেশের গণতন্ত্রের স্বার্থে পদত্যাগ করুন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মরহুম ড. পিয়াস করিমকে শহীদ মিনারে নিতে বাধা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কিছু সংখ্যক ভূইফোঁড় সংগঠনের কারণে সরকার পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে দেয়নি। যে সংগঠনগুলো দেশের প্রতিনিধিত্ব করে ক্ষমতাসীনরা তাদেরকেই সঙ্গ দিয়েছে। তিনি এসব ভূইফোঁড় সংগঠনের বিরুদ্ধে তরুণ সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।



